ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা ৭টি মানহানি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি মামলাগুলোর কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
জয়নুল আবদিন ফারুকের দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ অবৈধ ব্যবসায় জড়িত- ফারুকের এমন অভিযোগের পর ঢাকাসহ দেশের কয়েকটি জোলায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়।
আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহা-পরিদর্শক ও সংশ্লিষ্ট জেলাগুলোর বিচারিক হাকিমদেরকে এই মামলাগুলোয় দেওয়া আদেশের জবাব দিতে বলেছে হাইকোর্ট বেঞ্চ।
মামলাগুলোতে অভিযোগ করা হয়, গত ১১ ও ১২ মার্চ জাতীয় সংসদে ও তার বাস ভবনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত।"
ফারুকের পক্ষে হাইকোর্টে মামলাটি পরিচালনা করেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন জানান, এই ঘটনায় ফারুকের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের হয়েছে।
গত ১৫ মার্চ শরীয়তপুরে, ১৬ মার্চ নীলফামারী ও সিলেটে, ১৮ মার্চ পাবনা, বগুড়া ও রংপুরে এবং ২৪ মার্চ ঢাকায় ফারুকের বিরুদ্ধে মামহানির ৭টি মামলা দায়ের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/জিএনএ/১৭৫০ ঘ.
bdnews24