২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর আলম চট্টগ্রাম বিএনপির মেয়র প্রার্থী

চট্টগ্রামের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও দীর্ঘদিনের কাউন্সিলর মঞ্জুর আলমকে বন্দরনগরীর আসন্ন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 10:36 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও দীর্ঘদিনের কাউন্সিলর মঞ্জুর আলমকে বন্দরনগরীর আসন্ন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনোনীত করা হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। সূত্রগুলো বলছে, সর্বোচ্চ নীতিনির্ধারনী ফোরাম স্থায়ী কমিটি রোববার রাতে সিটি নির্বাচনে নিয়ে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির চট্টগ্রামের সাংসদ ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। মঞ্জুর আলম সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমি দুপুরে ঢাকা পৌঁছেছি। ম্যাডাম আমাকে ডেকেছেন। সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে যাব।" মঞ্জুর আলম দীর্ঘদিন মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ১০ নং উত্তর কাট্টলি ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী যৌথ বাহিনীর হাতে আটক হওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। নবম সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ মে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমসি/জিএনএ/১৭১৩ ঘ.