নোয়াখালী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর চাটখিল থানা হেফাজতে একজনের মৃত্যুর ঘটনায় শুক্রবার ওই থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
গত সোমবার (১০ মে) জেলা কারাগার থেকে রবিউল হাসান ওরফে খোকন (৩০) নামে এক আসামিকে একটি ডাকাতি মামলায় দুই দিনের পুলিশ হেফাজতে আনা হয় চাটখিল থানায়। জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লে খোকনকে ওই রাতেই নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
শুক্রবার খোকনের মা রৌশনারা বেগম উপ-পরিদর্শক আবদুল মান্নানকে আসামি করে চাটখিল থানায় হত্যা মামলা করেন।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি শুক্রবার রাতে পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে আবদুল মান্নানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এসপি হারুন-উর-রশিদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসাপাতালে ওইদিন কর্তব্যরত ডাক্তার ও থানার সেন্ট্রির দায়িত্বে থাকা দুই কনস্টেবলের জবানবন্দি নিয়েছে।
খোকনের মা'র করা হত্যা মামলার তদন্তভার জেলা পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ডিবি'র পরিদর্শক বেলাল হোসেন জানান, তিনি এ সংক্রান্ত আদেশের কপি এখনো পাননি। পেলেই তদন্ত শুরু করবেন।
খোকনের লাশ শুক্রবার রাতে চাটখিল উপজেলার খিলপাড়া (মজ্জতপাড়া) গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে সন্ধ্যায় লাশ বাড়ি পৌঁছলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।
খোকন চৌদ্দগ্রামে শ্বশুরের হোন্ডা ওয়ার্কশপ দেখাশোনা করতেন। তার পাঁচ মাস বয়সী এক ছেলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৩ ঘ.
bdnews24