সিলেট, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার দুপুরে একদল শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল ছাত্রের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ইনস্টিটিউটের এক ছাত্রলীগ নেতা কম্পিউটার বিভাগের এক ছাত্রীকে লাঞ্ছিত করে গত বৃহস্পবিার।
এর প্রতিবাদে শনিবার সকালে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা মিছিল-সমাবেশ করে। পরে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয়।
মিছিল চলাকালে কয়েকজন ছাত্র সুরমা ছাত্রাবাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে।
ধাওয়া পাল্টা ধওয়ায় সিভিল বিভাগের ছাত্র আশরাফুজ্জামান ও তায়েফ আহমদসহ ১০ জন আহত হন।
১২টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯০৮ ঘ.
bdnews24