যশোর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের র্যাব-৬ তিনটি পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করেছে।
শুক্রবার ভোরে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে উদ্ধার করা হয় গাড়িভর্তি ফেনসিডিল। বৃহস্পতিবার রাতে খুলনার খালিশপুর থেকে অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করা হয়। মাগুরা থেকে উদ্ধার করা হয়েছে এক কেজি হেরোইন।
আটক তিনজন হলেন- লেয়াকত হোসেন, জাহিদ হোসেন ও আব্দুল কুদ্দুস।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নূর মোহাম্মদ তারিক আজিজ জানান, শুক্রবার ভোরে বেনাপোল থেকে আসা একটি জিপকে ধাওয়া করে ঝিনাইদহ জেলার কালিগঞ্জের মধুগঞ্জ বাজারে ধরে ফেলে র্যাব।
জিপ ফেলে চালকসহ সবাই পালিয়ে গেলে ভেতর থেকে এক হাজার ৯১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিপ গাড়িটি জব্দ করা হয় বলেও র্যাব কর্মকর্তা জানান।
এদিকে বৃহস্পতিবার রাতে ক্রেতা সেজে ফাঁদে ফেলে খুলনার খালিশপুরের ত্রিসেন্ট জুটমিল এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি মার্ক-৪ বন্দুক।
তাদের খুলনার খালিশপুর থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া রাত ৩টার দিকে অপর অভিযানে মাগুরা সদর উপজেলার ছয়চার গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২১ ঘ.
bdnews24