গাজীপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেপরোয়া গতি, অতিরিক্ত যাত্রী বা পণ্য বোঝাই ও অন্য গাড়িকে অতিক্রম করা- এ তিনটি বিষয় চালকরা যদি না করেন তাহলে সড়ক দুর্ঘটনা ৭০ ভাগ কমে যাবে।
শুক্রবার বিকালে গাজীপুরে গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় এ মত জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান আলী।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এই তিনটি বিষয় চালকদের মানতে হবে।
সড়ক দুর্ঘটনা হ্রাসে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উদ্যোগে ও গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় জেলা প্রসাশন কার্যালয় চত্বরের নাটমন্দিরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রধান অতিথি যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান বলেন, ২০১২ সালের মধ্যে টঙ্গী থেকে ময়মনসিংহ পর্যন্ত চার লেনের মহাসড়ক তৈরি হবে, যাতে থাকবে সড়ক বিভাজক।
এতে যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হবে না এবং দুর্ঘটনা হ্রাস পাবে বলে মনে করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে ট্রাফিক আইন মানা হয় না। গাড়ি চালানোর সময় অনেকেই লেন মানছে না।
সচেতন ও সাবধানে গাড়ি চালানোর জন্য তিনি চালকদের প্রতি আহ্বান জানান।
গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিআরটিএ'র চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান, পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মো: ইকরাম আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24