ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মঘটী নৌযান শ্রমিকদের কাজে ফেরার জন্য আরো ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বার কাজে ফেরার সময়সীমা বাড়ানো হলো।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সময়সীমা বাড়ানোর এ ঘোষণা দেন।
এর আগে বুধবার নৌমন্ত্রী ধর্মঘটী শ্রমিকদের কাজে ফেরার জন্য বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে বলেছিলেন, "এ সময়ের মধ্যে যারা কাজে যোগ দেবে না, তাদের পেশাগত সনদ বাতিল করা হবে।"
গ্রহণযোগ্য মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে গত ৭ মে রাত থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মতিঝিলের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এ সময়ের মধ্যেও কোনো শ্রমিক কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সনদ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অবশ্যই তাদেরকে ক্ষমা চেয়ে কাজে যোগ দিতে হবে।
নৌযান শ্রমিকদের পক্ষ থেকে শর্তসাপেক্ষে কর্মসূচি প্রত্যাহারের প্রস্তাব এসেছে বলে দাবি করেন শাজাহান খান।
তিনি বলেন, "ধর্মঘটীদের কাছে থেকে নানাভাবে ধর্মঘট প্রত্যাহারের প্রস্তাব আসছে। কিন্তু তারা নানা ধরনের শর্ত দিচ্ছে। তাই আমি তাদের প্রস্তাবে সাড়া দিচ্ছি না। তাদেরকে নিঃশর্তভাবে ধর্মঘট প্রত্যাহার করতে হবে। এরপর সরকার তাদের সঙ্গে আলোচনায় বসবে।"
তবে ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল আবারো সরকারের এ প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, তাদের নেতা-কর্মীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা কর্মসূচি প্রত্যাহার করবে না।
তিনি নৌমন্ত্রীর এ ঘোষণা সম্পর্কে বলেন, সরকার আন্দোলন দমনের যে কৌশল নিয়েছে, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নৌপরিবহন খাতে অসন্তোষ আরো বাড়ছে।
নৌপরিবহন মন্ত্রী সংবাদ সম্মেলনে আরো বলেন, এ পর্যন্ত ৩৯ জনের বিরুদ্ধে সমুদ্র পরিবহণ অধিদপ্তরের পরিদর্শক অভিযোগ দাখিল করেছেন। ক্ষমা চেয়ে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে অধিদপ্তর আইনানুগ ব্যবস্থা নেবে।
তিনি নৌধর্মঘটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে 'নাশকতামূলক' তৎপরতায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন।
শাজাহান খান বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। দ্রুতই সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। সমূদ্র পরিবহণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং প্রধান শিপ সার্ভেয়ার একেএম ফখরুল ইসলামের নেতৃত্বে এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অপর সদস্য হচ্ছেন- অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তবিবুর রহমান। অধিদপ্তরের পরিদর্শক শফিক আয়ুব এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০২৯ঘ.
bdnews24