সাতক্ষীরা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বড় কেয়াখালি এলাকায় শুক্রবার সকালে বাঘের আক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
নিহত ছবির উদ্দীন (৫০) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের কেয়ামুদ্দীনের ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার বুড়িগোয়ালিনী গ্রামের কয়েকজন জেলে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যায়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবনের খোলপেটুয়া নদীর বড় কেয়াখালি খালে কাঁকড়া ধরার সময় ছবির বাঘের শিকার হন। তার সঙ্গী অজিয়ার রহমান ও জাহাঙ্গীর হোসেন ফিরে এসে বনবিভাগকে ঘটনাটি জানায়।
পরে স্থানীয়দের সহায়তায় বনবিভাগের লোকজন কেয়াখালি থেকে দুপুরে ছবিরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৬ ঘ.
bdnews24