২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাম সংগঠন একীভূত হলো

বামপন্থী রাজনৈতিক দল গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণসংহতি আন্দোলন শুক্রবার একীভূত হয়ে একটি দলে পরিণত হয়েছে। সংগঠন দুটি এখন গণসংহতি আন্দোলন নামে তাদের কার্যক্রম চলাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 12:08 PM

Updated : 24 Aug 2022, 09:29 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বামপন্থী রাজনৈতিক দল গণতান্ত্রিক মজদুর পার্টি ও গণসংহতি আন্দোলন শুক্রবার একীভূত হয়ে একটি দলে পরিণত হয়েছে। সংগঠন দুটি এখন গণসংহতি আন্দোলন নামে তাদের কার্যক্রম চলাবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি আব্দুস সালাম এ ঘোষণা দেন। যৌথ ঘোষণা পাঠ করে আবদুস সালাম বলেন, "মতাদর্শিক ও ব্যবহারিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় আমরা আজ একীভূত হয়ে একক সংগঠন হিসেবে কাজ করার সিদ্ধান্ত ঘোষণা করছি। আমরা গণসংহতি আন্দোলন নামে আমাদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব।" এ সময় অন্যান্যের মধ্যে মজদুর পার্টির নুরুল আমিন, এস এম আমজাদ হোসেন, হারুন মোহাম্মদ, মহসিন কবির, মোফাদ্দেস শিকদার ও গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল ও শ্যামলী শীল উপস্থিত ছিলেন। এছাড়া তেল-গ্যাস-বন্দর রক্ষা জাতীয় কমিটির শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, ম. ইনামুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ওয়ার্কার্স পার্টির আবদুস সাত্তার, গণফ্রন্টের নুরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশুসহ বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। ঘোষণাপত্রে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, এই দুই সংগঠনের ঐক্য দেশে প্রগতিশীল, গণতান্ত্রিক ও বামপন্থী শক্তির বৃহত্তর সংগ্রামে সহায়তা করবে এবং বাংলাদেশে কমিউনিস্ট ও বিপ্লবী আন্দোলন পুনর্গঠনে গুণগত ভূমিকা পালন করবে। এতে আওয়ামী লীগ ও বিএনপির শ্রেণীচরিত্রের কঠোর সমালোচনা করে বলা হয়, তাদের দিয়ে দেশের স্বার্থ ও জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। জুনায়েদ সাকি জানান, শনিবার সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলন শেষে দুই সংগঠনের নেতাকর্মীরা একই ব্যানারে একটি শোভাযাত্রা বের করেন। গণতান্ত্রিক মজদুর পার্টি ১৯৯৬ সালের ৩০ জুন এবং গণসংহতি আন্দোলন ২০০২ সালের ২৯ আগস্ট রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮০৫ ঘ.