ব্রাহ্মণবাড়িয়া, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরে দোকান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা চার ঘণ্টা সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে।
আহতদের মধ্যে ১৬ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আখাউড়া থানার ওসি হারুনুর রশিদ বলেন, সদরের সড়ক বাজারে একটি দোকান দখলকে কেন্দ্র করে তারাগন গ্রামের মানিক মিয়া ও নূরপুরের জামাল মিয়ার সমর্থকদের মধ্যে সকাল সাড়ে ৯টায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে।
সংঘর্ষের কারণে সদরের সব দোকানপাট বন্ধ রয়েছে। লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
হারুনুর রশিদ জানান, সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরের বিভিন্ন স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24