ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণার পাঁচদিন আগে দলটির নীতি নির্ধারকদের একজন জ্বালাও-পোড়াও কর্মসূচি না দেওয়ার পক্ষে তার মত প্রকাশ করেছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ শুক্রবার বলেছেন, "সরকার যাতে পদত্যাগে বাধ্য হয়, সে রকম কর্মসূচি নিয়ে আমাদের এগোতে হবে। তবে জ্বালাও-পোড়াও হরতালের মতো কর্মসূচি দিয়ে জনগণের দুর্ভোগ বাড়ানো যাবে না।"
আগামী ১৯ মে পল্টনের সমাবেশ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
দেশে আন্দোলন কর্মসূচি বলতে হরতাল-অবরোধই জনগণ এতদিন দেখে আসছে, যা এক সময় সহিংসতায় রূপ নেয়।
সাবেক মন্ত্রী মওদুদ সরকারের সমালোচনা করে বলেন, "একটি অদৃশ্য শক্তি এ সরকারকে পরিচালনা করছে। এখন আর আইন করে একদলীয় শাসন চালানো প্রয়োজন মনে করে না তারা। ওই অদৃশ্য শক্তিই বিচার বিভাগকে প্রভাবিত করছে, জনপ্রশাসন চালাচ্ছে। দেশে এখন নিয়ন্ত্রিত গণতন্ত্র কার্যকর রয়েছে।"
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ওই আলোচনা সভায় মওদুদ সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গণমাধ্যমের ওপর সরকারি খবরদারি চলছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, "চ্যানেল ওয়ান পুরোপুরি এবং বাংলাভিশনের 'পয়েন্ট অব অর্ডার' অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে বেসরকারি চ্যানেলের টক শোগুলো তারা নিয়ন্ত্রণ করছে।"
জাতীয় প্রেসক্লাবে 'ফারাক্কা দিবস ও বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক এই আলোচনা সভায় মওদুদ বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রণীত চুক্তির জন্য বর্তমানে পদ্মা নদীতে পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে।
"সরকারের ভারত তোষণ নীতির কারণে আওয়ামী লীগকে দিয়ে কখনোই দেশের মানুষের স্বার্থ সংরক্ষিত হবে না", বলেন তিনি।
এনপিপি সভাপতি শেখ শওকত হোসেন নিলুর সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজ, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান, এনডিপি'র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ জাতীয় পার্টির (মতিন) মহাসচিব আবু নাসের মো. রহমাতুল্লাহ, ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির মহাসচিব
মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.
bdnews24