২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ছয় হলে তল্লাশি চালিয়ে মিললো একটি খেলনা পিস্তল, রামদা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্রহলে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 05:16 AM

Updated : 26 Apr 2022, 01:03 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্রহলে তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল ও দুটি রামদা উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে কয়েক ঘণ্টা ধরে এ অভিযান চলে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশি অভিযানে কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া না গেলেও শিক্ষার্থীরা বলছেন, গত কয়েক মাসে সরকার সমর্থক ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে যে কয়েকটি সংঘর্ষ হয়েছে সব কটিতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা গেছে। সুনির্দিষ্ট কোনো তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছিলো কি না- জানতে চাওয়া হলে প্রক্টর আরজু মিয়া তা এড়িয়ে সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। আর আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ ছিলো।" সাভারে দেশের একমাত্র আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে ১১টি হলের মধ্যে ছয়টি ছাত্রদের বাকিগুলো ছাত্রীদের। ছাত্রদের সব কটি হলে তল্লাশি অভিযানে অংশ নেয় ৩ শতাধিক পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের করিডোরে পরিত্যক্ত অবস্থায় খেলনা পিস্তলটি পাওয়া যায় বলে পুলিশ জানায়। একই হল থেকে ২ দুটি রামদা এবং বেশ কিছু পাইপ ও রড উদ্ধার করা হয়। এছাড়া মীর মোশাররফ হোসেন হল থেকে দুটি কিরিচ এবং আল বেরুনী হল থেকে কিছু লাঠি ও পাইপ উদ্ধার করেছে পুলিশ। আফম কামালউদ্দিন হল, মওলানা ভাসানী হল এবং শহীদ সালাম বরকত হলে কোনো অস্ত্র বা রড-লাঠি পাওয়া যায়নি। বর্তমান মহজোট সরকার ক্ষমতায় আসার পর ছাত্রলীগের অন্তর্কোন্দলে অনেকবার সংঘর্ষ হয়। আহতও হয় অনেকে, এর মধ্যে গুলিবিদ্ধ হয় কয়েকজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.