ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (সিসিসি) অংশ নিতে একমত হয়েছেন চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতারা।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এক বৈঠকের পর এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বৈঠকে আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের অংশ নেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। বিষয়টি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জানাতে দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।"
নেতা দু'জন হচ্ছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মহানগর সভাপতি ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।'
গিয়াস কাদের আরো জানান, সম্ভাব্য মেয়র প্রার্থীর বিষয়েও একটি সিদ্ধান্ত হয়েছে। তা চেয়ারপারসনকে জানানো হবে।
এ বিষয়ে আর কিছু বলতে রাজী হননি তিনি।
বৈঠকে দলের অন্যতম সহসভাপতি আবদুল্লাহ আল নোমান অনুপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
গুলশানের লেক শোর হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ বৈঠক হয়। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণের সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তরের সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, মহানগর সহসভাপতি দস্তগীর চৌধুরী, শামসুল আলম ও মহানগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সাবেক হুইপ ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সিসিসি নির্বাচনে তার দলের অংশ গ্রহণের বিষয়ে শিগগিরই দলের চেয়ারপারসনের সঙ্গে আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান।
আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এসএম/জিএনএ/২১৪৭ ঘ.
bdnews24