পিরোজপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরে সরকার সমর্থক ছাত্রলীগের একটি গ্রুপের হামলায় প্রতিপক্ষের পাঁচজন আহত হয়েছে।
হামলায় জড়িত অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের শহরের সরকারি মহিলা কলেজের সামনে এই ঘটনা ঘটে।
সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের একটি গ্রুপ অপর গ্রুপের ওপর এই হামলায় চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতরা হলেন- সজীব (২১), হাফিজুর রহমান (১৮), কামরুজ্জামান (১৭), হাফিজুল ইসলাম (১৮) ও তপু শেখ (১৭)।
এদের মধ্যে সজীবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ১টার দিকে সরকারি মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা শেষে ছাত্রলীগের কয়েকজন কর্মী বের হওয়ার পর আরেকটি গ্রুপ লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাফিজ মিলু হামলার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই গ্রুপের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল।
পিরোজপুর সদর থানার ওসি তাপস রায় চৌধুরী সাংবাদিকদের জানান, হামলায় জড়িত অভিযোগে তপু শেখকে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24