২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাঁত ধর্মঘট: সুরাহার উদ্যোগ সরকারের

তাঁত ধর্মঘট অবসানে বেনাপোল বন্দর দিয়ে কয়েক ধরনের সুতা আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে সরকার গঠিত একটি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 12:30 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাঁত ধর্মঘট অবসানে বেনাপোল বন্দর দিয়ে কয়েক ধরনের সুতা আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে সরকার গঠিত একটি কমিটি। ধর্মঘটের দ্বিতীয় দিন বৃহস্পতিবার পাবনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে বিক্ষোভ করেছে তাঁতিরা। নরসিংদীতে অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে চার ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিলো। বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি অবাধ করাসহ ছয় দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বাংলাদেশ হ্যান্ডলুম ও পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশন। তাঁত ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল বৃহস্পতিবার দুপুরে জানান, তাঁত মালিকদের দাবির বিষয়ে তাঁত বোর্ডের চেয়ারম্যানকে প্রধান করে গঠিত কমিটি ইতিমধ্যে মতামত দিয়েছে। কমিটির মতামত অনুযায়ী ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটি ৮০ কাউন্টের ওপরে চার ক্যাটাগরির সুতা বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।" এনবিআর দেশে সুতার চাহিদা, উৎপাদন এবং আমদানির পরিমাণ জানতে চেয়েছে জানিয়ে সচিব বলেন, তাদের তথ্য সরবরাহে সুতা উৎপাদনকারী এবং ব্যবহারকারী সমিতিগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তথ্য পেলেই এনবিআরকে জানিয়ে সুতা আমদানির বিষয়ে উদ্যোগ নেওয়া হবে, বলেন তিনি। সচিব জানান, সুতার দাম জানতে ভারতের বস্ত্রমন্ত্রী ও ভারতে বাংলাদেশ হাইকমিশনের কাছেও চিঠি ও ই-মেইল পাঠানো হয়েছে। এদিকে ধর্মঘট আহ্বানকারী হ্যান্ডলুম ও পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, বলেন তিনি। ধর্মঘটে সাড়া দিয়ে সারাদেশে সব তাঁত বন্ধ রয়েছে বলে আইয়ুব জানান। দেশের তাঁতপ্রধান এলাকা পাবনা, সিরাজগঞ্জ ও নরসিংদীতে বহস্পতিবারও বিক্ষোভ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানিয়েছেন। নরসিংদীতে ধর্মঘটী তাঁতিরা সকালে প্রায় চার ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল সাড়ে ১০টায় মাধবদী এলাকায় সড়কে অবস্থান নেয় প্রায় পাঁচ হাজার তাঁতি। তারা টায়ার ও বৈদ্যুতিক খুঁটি পুড়িয়ে রাস্তা আটকে দেয়। দুপুর ২টায় অবরোধ তুলে নেওয়া হয় বলে জানান হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ভুঁইয়া। নরসিংদী সদর থানার উপপরিদর্শক আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় পাঁচ হাজার তাঁতি মহাসড়কে অবস্থান নেয়। এতে রাস্তার দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়।" পাবনায় তাঁতিরা সকালে জালালপুর নতুনপাড়ায় সমাবেশ করে। তারা পাবনা-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে গাড়ি চলাচল স্বাভাবিক করে। তাঁতিদের এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশে বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান শহীদ। দোগাছি, জালালপুর, চাঁচকিয়া, নগরচাঁকিয়া, জালালপুর, নতুনপাড়া, সাঁথিয়া, ছেচানিয়া এলাকায় বুধবার থেকে সব তাঁত বন্ধ রয়েছে। ফলে দৈনিক প্রায় ৩ থেকে ৪ লাখ লুঙ্গী এবং ১ লাখ শাড়ির উৎপাদন বন্ধ হয়ে গেছে। পাবনা সদরসহ, সাথিয়া, বেড়া, ফরিদপুর, সুজানগর উপজেলায় প্রায় ৫৫ হাজার তাঁত রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ হাজার তাঁত বন্ধ গেছে। বর্তমানে জেলার প্রায় ১ লাখ ৫০ হাজার শ্রমিক তাঁত পেশায় যুক্ত। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই ও উল্লাপাড়ার বালসাবাড়িতে তাঁতিরা বিক্ষোভ মিছিল করে। তবে বৃহস্পতিবার বেলকুচি উপজেলা সদর ও এনায়েতপুর থানার খুকনী ও দৌলতপুরে কিছু তাঁত কারখানা চালু ছিলো। অ্যাসোসিয়েশনের তামাই শাখার সভাপতি ফজলার রহমান তালুকদার সাংবাদিকদের বলেন, আন্দোলনকে নস্যাত করতে স্পিনিং মিলস সিন্ডিকেট ও তাদের কতিপয় দালাল তাঁতিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সুতার দাম বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তাঁতিরা বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির দাবি জানিয়ে আসছেন। ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বর্তমানে নিষিদ্ধ। তাঁত মালিকদের নেতা লোকমান হোসেন ভুঁইয়া শনিবারের সংবাদ সম্মেলনে বলেন, গত বছর অক্টোবর মাসে বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানি বন্ধ হওয়ার পর দেশে সুতার দাম বাড়তে শুরু করে। আমদানি বন্ধের আগে ৪০ কাউন্টের প্রতি পাউন্ড সুতার দাম ছিল ৬৫ টাকা। মাত্র পাঁচ থেকে ছয়মাসের মধ্যে তা বেড়ে ১১৫ টাকায় দাঁড়িয়েছে। সংগঠনের সহ-সভাপতি জাহিদুল হক ভূঁইয়া জানান, দেশে প্রতি বছর সুতার চাহিদা প্রায় ১০ লাখ মেট্রিক টন। এরমধ্যে নিট শিল্পে সাত লাখ এবং তাঁত শিল্পে তিন লাখ টন। দেশের ২৬৬টি স্পিনিং মিলে সুতার উৎপাদন ক্ষমতা মাত্র ছয় লাখ টন। তাও গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এ উৎপাদন কমে গেছে। ফলে দেশে সুতার বড় ধরণের ঘাটতি রয়েছে। অন্যদিকে দেশের সুতা উৎপাদকরা বলছেন, বেনাপোল দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এতে দেশের সুতা শিল্প ধ্বংস হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/কিউএইচ/এমআই/জেবি/এলএন/১৮২০ ঘ.