২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত বিএনপির

বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করলেও তাদের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 09:14 AM

Updated : 24 Aug 2022, 09:27 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করলেও তাদের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বৃহস্পতিবার বলেছেন, "ভোলার উপনির্বাচনের পর বর্তমান ইসির অধীনে আর কোনো জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তবে স্থানীয় সরকার তথা সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে এ রকম সিদ্ধান্ত নেই।" তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে শিগগিরই দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আগামী ১৭ জুন চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২০ মে পর্যন্ত। সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির জ্যেষ্ঠ নেতারা বৈঠকে বসছেন বলে দলের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করতে দেরি হলে প্রস্তুতিতে সমস্যা হবে কি না- প্রশ্ন করা হলে দেলোয়ার বলেন, "তফসিল ঘোষণা হলেও এখনো সাতদিন সময় আছে। এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।" নয়া পল্টনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেলোয়ারের সঙ্গে ছিলেন বিএনপির সহসভাপতি, চট্টগ্রামের নেতা আবদুল্লাহ আল নোমান। গত মাসে ভোলা-৩ আসনে উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে বর্তমান ইসির পদত্যাগ দাবি করে প্রধান বিরোধী দল বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.