গাজীপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। ওই সময় কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা।
শ্রীপুর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনায় বিকলকিস বেগম (২২) নামে ওই পোশাক শ্রমিক নিহত হয় বলে পুলিশ জানায়।
বিলকিস আনোয়ারা নিট কম্পোজিট নামের একটি কারখানায় কাজ করতেন।
মহাসড়ক পুলিশের মাওনা ফাঁড়ির উপপরিদর্শক মো. খায়রুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বিলকিস। এরপর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে এবং কমপক্ষে আটটি গাড়ি ভাংচুর করে।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত সাড়ে ৯টার পর ওই সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। তবে এক ঘণ্টা অবরোধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পুলিশ কর্মকর্তা খায়রুজ্জামান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.
bdnews24