২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরিরের চার সদস্য কারাগারে

হিযবুত তাহরিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চার সদস্যকে দুইদিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 06:00 PM

Updated : 24 Aug 2022, 09:23 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিযবুত তাহরিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার চার সদস্যকে দুইদিন জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকালে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক আবদুল মালেক। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আর হেফাজত না চেয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। এই চারজনের পক্ষে জামিন চাওয়া হলে শুনানি শেষে মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পরপরই তাদের আইনজীবী মোস্তফা আহমেদ ও কাজী সালাহউদ্দিন কারাগারে থেকেই বৃহষ্পতিবার অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আবেদন করেন। বিচারক এ আবেদন মঞ্জুর করে কারাগারে অভিযুক্তদেরকে নিজেদের উদ্যোগে ক্যালকুলেটর,কাগজ কলম, স্কেল সরবরাহ ও ব্যবহারের অনুমতি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপরিদর্শক রতন শেখ। হেফাজতের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, তারা নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই সংগঠনের প্রচার কাজ চালিয়ে আসছিল। অপর সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। অভিযুক্তরা হলেন- ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের আব্দুল হাই, কুমিল্লার লাঙ্গলকোটের কান্দাল মাষ্টারপাড়ার মহসীন হোসেন, ঝিনাইদহের ফাহাদ বিন রশিদ এবং পাবনার ইশ্বরদীর আমিরুল ইসলাম। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত ৮ মে রাত ২টার দিকে তাদের মাষ্টারদা সূর্যসেন হল থেকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দু'দিনের হেফাজতে নেওয়া হয়। গত ১৯ এপ্রিল রাতে গ্রিন রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় হিযবুত তাহরিরের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষক মহীউদ্দিনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২৩৪৪ ঘ.