ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনকে গতিশীল করার লক্ষ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আইনের খসড়া চূড়ান্ত হয়েছে।
এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, এটা হলে সরকারি চাকরিজীবীদের কোনো দলের অনুগত হয়ে কাজ করতে হবে না।
বুধবার হোটেল শেরাটনে এক গোলটেবিল আলোচনায় এইচটি ইমাম সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন আইনের (সিভিল সার্ভিস অ্যাক্ট) খসড়াটি শিগগিরই বিশেষজ্ঞ মতামতের জন্য পাঠানো হবে। এরপর তা মন্ত্রিসভায় তোলা হবে।
"এ আইনের মাধ্যমে সরকারি চাকরীজীবীদের নিয়োগ, কর্মপরিধি, পদোন্নতি ও প্রশিক্ষণসহ যাবতীয় বিষয় নিয়ন্ত্রিত হবে। তাদের কোনো দলের অনুগত হওয়ার প্রয়োজন হবে না, বরং তা করলেই শাস্তির মুখে পড়তে হবে", বলেন তিনি।
দেশে সরকারি চাকুরেদের ওপর ক্ষমতাসীন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের অভিযোগ বহু পুরোনো। অনেকেরই অভিযোগ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষমতাসীন দলের মন যুগিয়ে চলতে হয়।
সাবেক আমলা ইমাম বলেন, জনপ্রশাসনকে আরো গতিশীল, দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত করতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ জন্য জনপ্রশাসন সংস্কারে কাজ চলছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় সংস্থাপন মন্ত্রণালয় 'সিটিজেনস চার্টার ফর ইমপ্র"ভড সার্ভিস ডেলিভারি' শীর্ষক ওই গোলটেবিল বৈঠক আয়োজন করে।
প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা ইমাম নতুন সিটিজেনস চার্টারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য। এজন্য নতুন এ সনদের মাধ্যমে জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলা হবে।
উপদেষ্টা জনপ্রশাসনের সিটিজেনস চার্টার-এর একটি খসড়ার মোড়ক উন্মোচন করেন।
এর ওপর আগামী ৩০ মে পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয়ে মতামত জমা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরপর এটি চূড়ান্ত করা হবে। এর আলোকে প্রতিটি দপ্তর নিজস্ব চার্টার তৈরি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এমআই/১৭১০ ঘ.
bdnews24