পঞ্চগড়, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন বিভাগের গাছ কাটার মামলায় পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এক প্রকৌশলীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার জেলার বিচার বিভাগীয় হাকিম মো. আব্দুল মালেক এ নির্দেশ দেন।
এর আগে দুপুরে তেঁতুলিয়া সওজ'র উপ-সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
তেঁতুলিয়া বনবিভাগের বনবিট কর্মকর্তা আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ এপ্রিল মাহফুজুর রহমানের নেতৃত্বে ৩০/৪০ জন লোক পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাঝিপাড়া বিডিআর ক্যাম্প থেকে টাইয়াগছ গ্রাম পর্যন্ত এলাকায় বনবিভাগের বিভিন্ন জাতের শতাধিক গাছ কেটে নেয়। বন বিভাগের লোকজন তাদের বাধা দিলে তিনি (মাহফুজ) তাদের হুমকি দেন।
এ ঘটনায় তেঁতুলিয়া বনবিট কর্মকর্তা আব্দুল হামিদ ২৯ এপ্রিল মাহফুজুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মাহফুজুর রহমান বর্তমানে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের উন্নয়ন প্রকল্পে কর্মরত আছেন বলে ওই বনবিট কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১২৬ ঘ.
bdnews24