ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ল্যান্ডফোন কম্পানি র্যাংকসটেলের লাইসেন্স থাকবে কি না সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
আদালত রায়ে বলেছে, র্যাংকসটেলের লাইসেন্স বাতিল করা হলে সেক্ষেত্রে একজন প্রশাসক নিয়োগ করতে হবে। ছয় মাস বা র্যাংকসটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসক তার দায়িত্ব পালন করবেন।
র্যাংকসটেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
গত ১৮ মার্চ বিটিআরসি র্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে রউফ চৌধুরী ২১ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন। র্যাংকসটেলের সংযোগ বিচ্ছিন্ন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে ওইদিনই হাইকোর্ট রুলনিশি জারি করে।
এরপর গত ২৩ মার্চ র্যাংকসটেলের লাইসেন্স কেন বাতিল করা হবে না তার কারণ জানাতে র্যাংকসটেলকে নোটিশ দেয় বিটিআরসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০১১ঘ.
bdnews24