২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিত আপাতত বিপদমুক্ত

অসুস্থ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তবে তাকে আরো এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 11:57 AM

Updated : 24 Aug 2022, 09:22 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তবে তাকে আরো এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক (মেডিকেল) অধ্যাপক সারোয়ার হোসেন এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন এ কথা জানান। রাজধানীর স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ বছর বয়সী মুহিত। মঙ্গলবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক সারোয়ার বলেন, ভোর সাড়ে ছ'টায় অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি হন। তাৎক্ষণিকভাবে তাকে পরীক্ষা করা হয়। উচ্চ রক্তচাপজনিত কারণে অস্বস্তিবোধ করায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, অর্থমন্ত্রীর চিকিৎসার জন্য দুপুরে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন এবং ফিজিওথেরাপি দিতে বলেছেন। কতোদিন মুহিতকে হাসপাতালে থাকতে হবে জানতে চাইলে অধ্যাপক সারোয়ার বলেন, এ বিষয়টি তার (অর্থমন্ত্রী) শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। তবে মুহিতকে আরো সাতদিন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকতে হতে পারে বলে হাসপাতালের পরিচালক জানান। সকালে মুহিতের হোটেল শেরাটনে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো। অনুষ্ঠানে অনুপস্থিত দেখে খবর নিয়ে জানা যায় তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/জিএনএ/এসএইচএ/এইচএ/২০২৭ ঘ.