নাটোর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার জনসভামুখী বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ।
মঙ্গলবার সিংড়া থানায় করা এ মামলায় নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোর্শেদসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
দুপুরে সিংড়া উপজেলা আওয়ামী লীগের কর্মী সোহেল রানা বাদি হয়ে মামলাটি করেন বলে থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
গত বুধবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে সিংড়া বাসস্ট্যান্ডে সরকার সমর্থকদের হামলায় বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন নিহত হন বলে বিরোধী দলের অভিযোগ।
জাকিরের ভাই বুলু মিয়া বাদি হয়ে সরকারদলীয় সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকসহ ৮৭ জনের বিরুদ্ধে সোমবার একটি মামলা করেন। এর একদিন পরই আওয়ামী লীগ পাল্টা মামলা করলো।
সোহেল রানার মামলার বলা হয়, বগুড়া থেকে রাজশাহী মহাসমাবেশ অভিমুখী বগুড়ার বিএনপি নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে সিংড়া শহরে ভাংচুর, অগ্নিসংযোগ করে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিংড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান বজলার রহমান, ইব্রাহিম খলিল প্রমুখ।
জাকির হত্যার জন্য এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.
bdnews24