২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেইপিজেডে ১০০ কোটি ডলার বিনিয়োগ হবে: কোরিয় রাষ্ট্রদূত

চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) নির্মান কাজ শেষ হলে একশ কোটি ডলার বিনিয়োগ হবে এবং সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 09:12 AM

Updated : 24 Aug 2022, 09:23 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) নির্মান কাজ শেষ হলে একশ কোটি ডলার বিনিয়োগ হবে এবং সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয় রাষ্ট্রদূত তাইয়ং চো সোমবার ঢাকায় দূতাবাসে সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষিণ কোরিয়া সফরকে সামনে রেখে তাইয়ং চো এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। শেখ হাসিনার তিন দিন ব্যাপী দক্ষিণ কোরিয়া সফর আগামী ১৬ মে শুরু হবে। তিনি বলেন, তার দেশ বাংলাদেশী শ্রমিকদের জন্য কোটা বৃদ্ধি করবে। গত বছর বাংলাদেশী শ্রমিকদেও জন্য কোটা ছিলো ৩ হাজার ৮০০। এ বছর তা বাড়ানো হবে। তবে কত বাড়ানো হবে তা তিনি বলেননি। দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আওতায় নিয়োগের ক্ষেত্রে কোরিয় দূতাবাস এবং বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড প্রাথমিক প্রার্থী বাছাইয়ের জন্য কোরিয় ভাষার ওপর পরীক্ষা নিয়ে থাকে। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের তালিকা কোরিয় সরকার সেদেশে শ্রমিক নিয়োগদাতা কোম্পানিগুলোকে দেয়। রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, বাংলাদেশের উচিত আরও দক্ষ শ্রমিক তৈরি করা যাতে ঢাকা এই কোটা সুবিধা কাজে লাগাতে পারে। তিনি বলেন, ''কেইপিজেড বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শিল্পকেন্দ্রে পরিণত করায় অবদান রাখবে।'' রাষ্ট্রদূত জানান, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। দুদেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। তবে কি চুক্তি স্বাক্ষর হবে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/কেএমএস/১৯৩৪ ঘ.