সাতক্ষীরা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক গৃহবধূকে তার স্বামী আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তরুল পারভীন (২৬) যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসাদুল ইসলামের (৩৫) স্ত্রী।
রোববার রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফুলবাড়িয়া গ্রামের ইমতাজুল ইসলাম ও সাইফুল ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে কলারোয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সেলিম জানান, কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের তরুল পারভিনের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসাদুল ইসলামের বিয়ে হয় কয়েক মাস আগে। বিয়ের পর থেকেই আসাদুল তরুল পারভিনকে বাপের বাড়ি রেখে ঢাকায় থাকতো।
এ নিয়ে পারিবারিক অশান্তি দেখা দিলে গত শনিবার তরুল স্বামীর কাছে তালাকনামা পাঠায়। এরপর আসাদুল কলারোয়া এসে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে ব্যর্থ হয়।
পুলিশ কর্মকর্তা বলেন, রোববার রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় আসাদুল তার সহযোগীদের নিয়ে মশারী পেঁচিয়ে তরুলের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পরিবারের সদস্যরা উদ্ধার করে রাতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। সোমবার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বিকালে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ওসি এনামুল হক জানান, নিহতের বাবা আবুবকর সরদার কলারোয়া থানায় আসাদুল ইসলামসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এদের মধ্যে পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকে স্বামী আসাদুল ইসলাম পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24