২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বৈঠকে এসে দাবি জানাতে পারেন সন্তু লারমা'

পাহাড়ে ভূমি বিরোধ নিরসনে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে (সন্তু) ভুমি কমিশনের বৈঠকে থাকার জন্য আহ্বায়ন জানিয়েছেন এর চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 09:19 PM

বান্দরবান, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ে ভূমি বিরোধ নিরসনে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে (সন্তু) ভুমি কমিশনের বৈঠকে থাকার জন্য আহ্বায়ন জানিয়েছেন এর চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, "ভূমি কমিশনের সদস্য হিসেবে সন্তু লারমা কমিশনের বৈঠকগুলোতে উপস্থিত থেকেই তার কথা বলতে ও দাবি উত্থাপন করতে পারেন। এতে কাজ সহজ হবে। তিনি এ পর্যন্ত কমিশনের নয়টি সভার মধ্যে মাত্র একটিতে উপস্থিত ছিলেন। অথচ তিনি বিভিন্ন সভা বা গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলছেন চুক্তি অনুযায়ী ভূমি কমিশন গঠন হয়নি। এটা ঠিক নয়।" সোমবার সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম এ কথা বলেন। মতবিনিময় সভার আগে সকাল ১০টায় কমিশনের কার্যক্রম সম্পর্কে পাহাড়ের মানুষকে সচেতন করার লক্ষ্যে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রা জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়। এতে অংশ নেন ভূমি কমিশন চেয়ারম্যান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ভূমি কমিশন সচিব, বান্দরবানের পুলিশ সুপারিনটেনডেন্ট, অতিরিক্ত জেলা প্রশাসক, সরকারি ঊর্ধতন কর্মকর্তা, মৌজা প্রধান (হেডম্যান), পাড়া প্রধানসহ (কারবারী) বিভিন্ন পর্যায়ের লোকজন। কমিশনের কার্যক্রমের অগ্রগতি, কমিশন কি করতে চায়, কাজে সকলের সহযোগিতা নেওয়া এবং কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর লক্ষ্যে এই মতবিনিময় সভা ডাকা হয়েছে বলে খাদেমুল ইসলাম চৌধুরী জানান। তিনি বলেন, এই কমিশন পার্বত্য চট্টগ্রামে ভূমি বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত একমাত্র বিধিবদ্ধ আইনি প্রতিষ্ঠান। কমিশন প্রধান বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে করা পার্বত্য শান্তি চুক্তির আলোকে এই কমিশন গঠিত হয়েছে। চুক্তির পর ১৩ বছর চলে গেলো, পাহাড়ে ভূমি বিরোধ নিষ্পত্তি হলো না। অথচ অনেক আগেই এটা হওয়া হওয়া উচিত ছিলো। শান্তি চুক্তিতে বলা আছে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে কমিশনের চেয়ারম্যান করা হবে। সেই অনুযায়ী সরকার তাকে চেয়ারম্যান করে কমিশন গঠন করেছে বলে তিনি জানান। কমিশনে যেসব বিরোধ নিষ্পত্তি হবে তার বিরুদ্ধে কোনো আদালতে যাওয়ার সুযোগ নেই বলেও খাদেমুল ইসলাম জানান। কমিশন ভারত প্রত্যাগত পুনর্বাসিত ও তালিকাভুক্ত শরণার্থীদের ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইন বহির্ভূতভাবে কোনো ভূমি বন্দোবস্তি দেওয়া হলে তা বাতিল করবে বলে তিনি জানান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- কমিশন সদস্য চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম, কমিশন সচিব মো. আবদুল হামিদ, বান্দরবানের পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান, বান্দরবানের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), হেডম্যান, কারবারী ও সাংবাদিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৭ ঘ.