নারায়ণগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়েছে পাঁচজন।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার কাচপুর নয়াপাড়া এলাকায় এ বিস্ফোরণের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁও উপজেলার দরিকান্দি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে মহাসড়ক পুলিশ গিয়ে আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লার দুলালপুর গ্রামের ওমান প্রবাসী আলম মিয়া সোমবার দেশে ফেরেন। তাকে আনতে বিমানবন্দর যায় তার ছেলে মেহেদী হাসান, বন্ধু সাইফুল ইসলাম।
ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দর নামার পর ভাড়ায় একটি মাইক্রোবাস নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন তারা। সোনারগাঁও উপজেলার কাচপুরে একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে নয়াপাড়া এলাকায় আসার পর মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-গ-১৩-২৫০৪) গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
এতে গাড়িতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হন আলম মিয়া, মেহেদী হাসান, সাইফুল ইসলাম ও চালকসহ পাঁচজন। বিদেশ থেকে নিয়ে আসা মালও পুড়ে যায়।
আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাকি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24