২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষা ইনস্টিটিউট আইনের খসড়া অনুমোদন

পরিচালনা কমিটিতে প্রধানমন্ত্রীকে পৃষ্ঠপোষক এবং শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন ২০১০-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 10:00 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা কমিটিতে প্রধানমন্ত্রীকে পৃষ্ঠপোষক এবং শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন ২০১০-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। আবুল কালাম বলেন, "আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। এটি পরিচালনার জন্য ২৩ সদস্যের পরিচালনা কমিটিতে প্রধানমন্ত্রীকে প্রধান পৃষ্ঠপোষক এবং শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান রাখার প্রস্তাব করা হয়েছে।" তিনি জানান, ১৯৯৯ সালের নভেম্বরে জাতিসংঘ ২১ ফেব্র"য়ারিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০১ সালের ১৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের উপস্থিতিতে ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ইনস্টিটিউট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় ২০০১ সালের এপ্রিল মাসে। চারদলীয় জোট সরকারের সময়ে তা বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২১ ফেব্র"য়ারি ওই ইনস্টিটিউটের ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।" প্রেস সচিব জানান, মন্ত্রিসভার বৈঠকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি সিভিল পিটিশন থেকে আদালত অবমাননা সংক্রান্ত দুটি আদেশ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আবুল কালাম আরো জানান, পাকিস্তান থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দুটি কন্টেইনার জাহাজ কেনার মন্ত্রিসভার সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব এবং বাংলাদেশ ইউনাইডেট নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসের (ইউএনওপিএস) স্থায়ী প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার প্রস্তাব দুটি প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গত ফেব্র"য়ারি মাসে তুরস্কের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমইউএস/কেএমএস/১৫৪৯ ঘ.