লক্ষীপুর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি নৈশ কোচ খাদে পড়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫০ জন।
সোমবার ভোর ৬টার দিকে উপজেলার মিল্লাত একাডেমীর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের কমলনগর ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সদর উপজেলার দক্ষিণ চন্দ্রপুর গ্রামের কিশোর চন্দ্র (২৬) ও ভোলার লালমোহন উপজেলার বালুর চর গ্রামের কবির হোসেন (২৫)।
পুলিশ জানিয়েছে, হতাহতদের বেশিরভাগের বাড়ি ভোলা ও বরিশাল জেলায়।
আহত মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসের চালক লক্ষ্মীপুরে নেমে যাওয়ার পর হেলপার বাসটি নিয়ে রামগতির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মিল্লাত একাডেমীর পাশের খাদে পড়ে যায়।
জেলা প্রশাসক আবুল বাশার মো. জহুরুল ইসলাম এবং পুলিশ সুপার নজরুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪৫৩ ঘ.
bdnews24