২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা সদর হাসপাতালে ধর্মঘট

বকেয়া বেতন পরিশোধ ও চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরা সদর হাসপাতালের উন্নয়ন খাতের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 02:33 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

মাগুরা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন পরিশোধ ও চাকরি জাতীয়করণের দাবিতে মাগুরা সদর হাসপাতালের উন্নয়ন খাতের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। হাসপাতাল ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। সকাল ৮টার দিকে জরুরি বিভাগ ছাড়া সকল ওয়ার্ড ও বহির্বিভাগে ডাক্তারদের কক্ষে তালা দেয় ধর্মঘটকারীরা। এ কারণে রাজস্ব খাতের ডাক্তার-নার্সরাও ওয়ার্ডে কিংবা বহির্বিভাগে রোগীর সেবা দিতে পারছেন না। এতে দুর্ভোগে পড়েছেন হাসাপাতালের বেডে থাকা এবং নতুন আসা রোগীরা। ধর্মঘটকারী ডাক্তার ও নার্সদের অভিযোগ, হাসপাতালের সাতজন ডাক্তার ও আটজন নার্সসহ ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী ৭২ মাস ধরে বেতন পাচ্ছেন না। আন্দোলনকারী ডা. শরীফ সাহাবুর রহমান জানান, উন্নয়ন খাতে 'মাগুরা সদর হাসপাতাল ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প'-এর আওতায় ১৯৯৭ সালে তাদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু প্রকল্প শেষ হওয়ার পর থেকে বেতন নিয়ে অনিয়ম শুরু হয়। তাদের দাবি, উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে চাকরি জাতীয়করণ করা হোক। তিনি বলেন, "বাধ্য হয়ে আমরা ধর্মঘট করছি। রোগীদের কষ্টের জন্য আমরা ব্যথিত হলেও এ ছাড়া কোনো উপায় নেই।" আন্দোলনকারী কর্মচারী হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।" তিনি আরো জানান, পাওনা বেতনের জন্য ২০০৭ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত গত বছরের ২৫ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রাণালয়কে বেতন পরিশোধের নির্দেশ দেয়। এরপর ছয়মাস গেলেও আদালতের নির্দেশ মানা হয়নি। এ ব্যাপারে মাগুরার সিভিল সার্জন হুমায়ুন মোল্লা বলেন, "এনিয়ে আমরা যথেষ্ট আন্তরিক। মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না দেওয়ায় বিষয়টি এখনো ঝুলে আছে।" রোগীদের দুর্ভোগের বিষয়টি মানবিক বিবেচনায় এনে তিনি ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০২৭ ঘ.