২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় চোর সন্দেহে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 01:00 PM

Updated : 24 Aug 2022, 09:18 PM

নারায়ণগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার ভোর ৪টার দিকে ফতুল্লার কাশিপুর ভোলাইল এলাকায় দুই কবুতর ব্যবসায়ী কিছু লোকজনকে নিয়ে চোর সন্দেহে ছানোয়ার হোসেনকে (৪৫) আটক করে পেটায় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যরা জানায়, আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল সাড়ে ৯টায় সেখানে ছানোয়ারের মৃত্যু হয়। ছানোয়ার সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি ফাজিলপুর এলাকার শামসুদ্দিনের ছেলে। তিনি ফতুল্লার বক্তাবলীতে আলী আকবর বাবুর ইটভাটা খান ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন এবং কাশিপুরে ভাড়া থাকতেন। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার সাংবাদকিদের জানান, ওমর ও রিয়াদ নামের দুই ভাইয়ের নেতৃত্বে ছানোয়ারের ওপর হামলা চালানো হয় বলে এলাকাবাসী জানিয়েছে। এ দুই ভাই কবুতরের ব্যবসা করেন। "কবুতর চোর সন্দেহে ছানোয়ারকে তারা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে", বলেন ওসি। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মহসিন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫২ ঘ.