ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাকে মুরতাদ ও কাফের চিহ্নিত করে ফতোয়া দিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী।
ফতোয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আদালতের প্রতিও হুমকি দিয়েছেন তিনি।
বর্তমান সরকার ইসলামী দলগুলোকে সমাবেশ করতে দিচ্ছে না অভিযোগ করে ১৫ অক্টোবর পল্টন ময়দানে সমাবেশের ঘোষণা দিয়ে আমিনী দলীয় নেতা-কর্মীদের কাফনের কাপড় নিয়ে সেদিন পল্টনে যেতে বলেছেন।
রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ঐক্যজোটের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন আমিনী।
গত ১৬ এপ্রিল বিবিসিকে দেওয়া সিইসির সাক্ষাৎকার উদ্ধৃত করে আমিনী বলেন, 'সেনাবাহিনী ফেরেশতা নয় যে তারা এলেই সব ঠিক হয়ে যাবে। সেনাবাহিনী কেন খোদ আল্লাহতালা এলেও কিছুই করতে পারবে না'- এ ধরনের কথা মুরতাদ ও কাফের ছাড়া কেউ বলতে পারে না। সুতরাং সিইসি মুরতাদ ও কাফের।
ভোলা-৩ আসনে উপনির্বাচনে সেনা মোতায়েনে বিএনপির দাবির প্রতিক্রিয়ায় সিইসি ওই বক্তব্য দেন।
ফতোয়া নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রসঙ্গ ধরে আমিনী বলেন, "আওয়ামী লীগ সরকার বিগত শাসনামলেও ফতোয়া নিষিদ্ধ করেছিলো। বর্তমানে নির্বাচন কমিশন, হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের ঘাড়ে সওয়ার হয়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায়।
"অবিলম্বে ফতোয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট মানা হবে না। এমনকি আদালত অবমাননা হলেও নয়।"
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম অংশীদার ইসলামী ঐক্যজোট নেতা আমিনী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কোনো উন্মুক্ত স্থানে আমাদের সমাবেশ করতে দিচ্ছে না।
"কিন্তু পল্টন ময়দানে আমরা সমাবেশ করবোই। সেদিন সবাইকে কাফনের কাপড় মাথায় বেঁধে আসতে হবে।"
বিভিন্ন বিভাগীয় শহরে বিরোধী নেতা খালেদা জিয়ার জনসভায় ব্যাপক উপস্থিতির দিকে ইঙ্গিত করে আমিনী বলেন, আওয়ামী লীগের ইসলামবিরোধী কার্মকাণ্ডে জনগণ ক্ষেপে গেছে।
তবে আওয়ামী লীগ ইসলামবিরোধী কী করছে- তা স্পষ্ট করেননি তিনি।
জোটের প্রধান শরিক বিএনপির চেয়ারপারসন খালেদাকেও সতর্ক করে আমিনী বলেন, "যদি মনে করেন আমাদের বাদ দিয়ে ক্ষমতায় যেতে পারবেন, তাহলে ভুল করবেন।"
সম্মেলনে ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী বলেন, সব দলের যুদ্ধাপরাধীদের বিচার করলে ইসলামী ঐক্যজোট বাধা দেবে না। তবে শুধু একটি দলের বিচার করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24