ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করে আলোচনার আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। আহ্বান প্রত্যাখ্যান করে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ধর্মঘটী নৌযান শ্রমিক ফেডারেশন।
সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে আলোচনার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী এ নিয়ে ধর্মঘটের বিষয়ে তৃতীয় দফায় সংবাদ সম্মেলন করলেন।
শ্রমিকরা এ ধর্মঘট প্রত্যাখ্যান করেছে বলে দাবি করে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, "এখনো আলোচনার পথ খোলা আছে। তবে অবশ্যই ধর্মঘট প্রত্যাহার করে আলোচনায় আসতে হবে।"
নৌশ্রমিকদের জন্য গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামোসহ ২২ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।
নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার সংগঠন মন্ত্রীর আলোচনার আহ্বান তারা প্রত্যাখ্যান করেছে।
তিনি নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন।
শাহ আলম বলেন, "আমরা আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করছি। নৌমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।"
নৌমন্ত্রী শাজাহান খানের কারণেই নৌশ্রমিকদের ধর্মঘটে যেতে হয়েছে বলে দাবি করেন ফেডারেশন সভাপতি।
সচিবালয়ে নৌমন্ত্রীর সংবাদ সম্মেলনে নৌপরিবহন সচিব আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএ'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিয়ার রহমান ও শ্রম পরিদপ্তরের পরিচালক আবু তালেব উপস্থিত ছিলেন।
ধর্মঘটকালীন দেশের নয়টি নৌবন্দরের নৌচলাচলের চিত্র তুলে ধরেন মন্ত্রী। এসব লঞ্চ চলাচলে সরকারের প থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে খুলনা থেকে পাঁচটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও একটিও ছাড়েনি। তবে পাটুরিয়া থেকে ৩৭টি, মাওয়া থেকে ৮১টি ও রাঙ্গামাটি থেকে নয়টি লঞ্চের মধ্যে সবগুলোই চলাচল করেছে।
এছাড়া ঢাকা নদীবন্দর থেকে ৫৫টি লঞ্চের স্থলে ২৭টি, চাঁদপুর থেকে ১২টির স্থলে পাঁচটি, বরিশাল থেকে ৩৬টির স্থলে আটটি, পটুয়াখালী থেকে সাতটির স্থলে পাঁচটি এবং নারায়ণগঞ্জ থেকে ৫১টির মধ্যে ৩৮টি লঞ্চ ছেড়ে গেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
ওই হিসেব অনুযায়ী রোববার বেলা ২টা পর্যন্ত খুলনা থেকে তিনটি লঞ্চ ছাড়ার কথা থাকলেও একটিও ছাড়েনি। তবে পাটুরিয়া থেকে ২৫টি, মাওয়া থেকে ৫৫টি, পটুয়াখালী থেকে তিনটি ও রাঙ্গামাটি থেকে সাতটি লঞ্চের মধ্যে সবগুলোই চলাচল করেছে।
এছাড়া ঢাকা নদীবন্দর থেকে ১১টি লঞ্চের স্থলে আটটি, চাঁদপুর থেকে ১১টির স্থলে চারটি, বরিশাল থেকে ২৯টির স্থলে ছয়টি এবং নারায়ণগঞ্জ থেকে ৩২টির মধ্যে ২৮টি লঞ্চ রোববার ছেড়ে গেছে।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পরও শুধু 'একজন ব্যক্তির রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করা'র করতে এ ধর্মঘট হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী শাজাহান খান।
তবে সাংবাদিকদের প্রশ্ন সত্ত্বেও মন্ত্রী ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
এ ধর্মঘট বিধি-বহির্ভূত হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "সন্ত্রাসের মাধ্যমে যারা নৌ-ধর্মঘট করতে চায় সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এজন্য ইতোমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮২৮ ঘ.
bdnews24