২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য অধিদপ্তরে ১১শ' পদ শূন্য

মৎস্য অধিদপ্তরের চার হাজার ৭৮০টি পদের মধ্যে বর্তমানে প্রায় এক হাজার ১০০ পদই শূন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 07:00 PM

Updated : 24 Aug 2022, 09:15 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য অধিদপ্তরের চার হাজার ৭৮০টি পদের মধ্যে বর্তমানে প্রায় এক হাজার ১০০ পদই শূন্য। এরমধ্যে কর্মকর্তা পর্যায়ের ৩৩ শতাংশ এবং কর্মচারি পর্যায়ে ২০শতাংশ পদ শূন্য। এর ফলে মাঠপর্যায়ে অধিদপ্তরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। মৎস্য অধিদপ্তরের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত জেলা মৎস্য কর্মকর্তাদের জাতীয় সম্মেলনে কর্মকর্তারা এ চিত্র তুলে ধরেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মজিবুর রহমান জানান, অধিদপ্তরের বর্তমান জনবল বাড়িয়ে ১৩ হাজার ৮০০ করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে নতুন প্রায় নয় হাজার পদ সৃষ্টি হবে। নতুন জনবল কাঠামো তৈরীর কাজ চলছে। এতে অধিদপ্তরের কার্যক্রম ইউনিয়ন পর্যন্ত প্রসারিত করা সম্ভব হবে। মজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান খুরশিদা খাতুন বক্তব্য রাখেন। জেলা মৎস্য কর্মকর্তাদের অভ্যন্তরীণ মুক্ত জলাশয় ব্যবস্থাপনা, মৎস্যচাষ, রপ্তানির ক্ষেত্রে মৎস্যমান বজায় রাখা, সামুদ্রিক মাছ আহরণে বিভিন্ন সমস্যাসহ অধিদপ্তরের ১১শ' পদ শূন্য থাকায় কার্যক্রম ব্যাহত হওয়া প্রসঙ্গে মন্ত্রী বর্তমান সরকারে নেওয়া পদক্ষেপের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, পদোন্নতির ক্ষেত্রে মামলাসহ বিভিন্ন জটিলতা নিষ্পত্তি করে অনেক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রবেশকালীন পর্যায়ে (এন্ট্রি লেভেলে) শীঘ্রই ১৫০ কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া চলছে। কর্মচারিসহ সব শূন্যপদে নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে অবহেলা ও দুর্নীতি কঠোর হাতে দমন করার হুশিয়ারি উচ্চারণ করেন। জাটকা জেলেদের চাল বিতরণে সতকর্তা, জাটকা ধরা এবং নদ-নদীতে জাল ও বেড় দিয়ে মাছ শিকার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনে তিনি মৎস্য কর্মকর্তাদের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০৫৬ ঘ.