গজীপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে শনিবার সকালে এক যুবক বটি দিয়ে কুপিয়ে তার মামীকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী আহত হয়েছেন।
নিহত রেহানা আক্তার (৩৫) সদর উপজেলার হায়দারাবাদ গ্রামের বিল্লাস হোসেনের (৪০) স্ত্রী।
জয়দেবপুর থানার পুবাইল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে রেহানা আক্তার তাদের ঘরের সামনে আলু ধোয়া পানি ফেললে ভাগ্নে ইসমাইল হোসেনের (২৫) সঙ্গে তার (রেহানা) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসমাইল বটি দিয়ে কুপিয়ে রেহানাকে আহত করে। স্ত্রীকে বাঁচাতে এলে মামা বিল্লাল হোসেনকেও মারধর করে সে পালিয়ে যায়।
সকাল ৯টার দিকে স্বজনরা রেহানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিল্লাস হোসেনকে গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আক্তারুজ্জামান ও জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৮১২ ঘ.
bdnews24