২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা এড়িয়ে উত্তর-দক্ষিণ মেলাতে বাইপাস

পদ্মা সেতু চালু হওয়ার পর রাজধানীর ওপর যানবাহনের বাড়তি চাপ এড়াতে মাওয়া থেকে যমুনা সেতু সংযোগ সড়ক পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার। মঈনুল হক চৌধুরীর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু চালু হওয়ার পর রাজধানীর ওপর যানবাহনের বাড়তি চাপ এড়াতে মাওয়া থেকে যমুনা সেতু সংযোগ সড়ক পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার। যোগাযোগ মন্ত্রণালয় মনে করছে, ৪২ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়ক হলে ঢাকাকে এড়িয়েই দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল আসা-যাওয়া করা যাবে। ফলে রাজধানীতে বাড়তি যানজট সৃষ্টি হবে না। ২০১০-১১ অর্থবছরের বাজেটে 'ঢাকা-আরিচা মহাসড়ক হতে পদ্মা সেতু এপ্রোচ পর্যন্ত (ওয়েস্টার্ন বাইপাস) সড়ক নির্মাণ' নামে এ প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে যোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান (জয়েন্ট চিফ) মোছাম্মদ রোকেয়া বেগম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রকল্পটি নতুন প্রকল্প হিসেবে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠানো হয়েছে। পদ্মা বহুমুখী সেতু নির্মাণের কাজ আগামী অর্থবছর থেকে শুরু হচ্ছে। ইতিমধ্যেই সেতু নির্মাণ সংক্রান্ত প্রাক-প্রস্তুতিমূলক কাজ শুরু হয়ে গেছে। ২০১৩ সালের মধ্যেই এ সেতু নির্মাণের কাজ শেষ করার পরিকল্পনা সরকারের। চার লেনের বাইপাস সড়কটি হবে প্রস্তাবিত পদ্মা সেতু সংযোগ সড়কের মাওয়ার বাওরভিটা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ পয়েন্ট হয়ে যমুনা সেতু (বঙ্গবন্ধু সেতু) সংযোগ সড়ক পর্যন্ত। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সামঞ্জস্য রেখেই ওয়েস্টার্ন বাইপাস প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১০ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা, যার যোগান দেবে সরকার। এটি নির্মাণ করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। ১৭০ ফুট প্রশস্তের চার লেনের এ রাস্তা তৈরি করতে প্রকল্প এলাকা ঢাকার কেরানীগঞ্জ ও সাভার এবং মুন্সীগঞ্জের ৮৯ হেক্টর ভূমি অধিগ্রহণ করতে হবে। পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা জানান, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সঙ্গে এ প্রকল্পটি বাস্তবায়নের বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। আগামী বাজেটে পদ্মা সেতু প্রকল্পটি অগ্রাধিকার প্রকল্পের তালিকায় শীর্ষে রয়েছে। সড়ক নির্মাণ কাজের পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রোফর্মা (ডিপিপি) প্রণয়ণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, প্রস্তাবিত বাইপাস সড়কটি নির্মাণ করা না হলে ঢাকা শহর হয়ে পদ্মা সেতু দিয়ে আসা দেশের দক্ষিণাঞ্চলের যানবাহন উত্তরাঞ্চলে এবং বঙ্গবন্ধু সেতু দিয়ে আসা দেশের উত্তরাঞ্চলের যানবাহন দক্ষিণাঞ্চলে যাতায়াত করতে হবে। এতে ঢাকা মহানগরীর যানজট আরো তীব্র হবে। তা এড়াতেই পদ্মা সেতু নির্মাণের সঙ্গে বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব করেছে মন্ত্রণালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৪৩ ঘ.