২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটের মধ্যেও কিছু লঞ্চ চলছে

শ্রমিকদের একাংশের ধর্মঘটের মধ্যেও ঢাকার সদরঘাট থেকে কিছু লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 06:48 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের একাংশের ধর্মঘটের মধ্যেও ঢাকার সদরঘাট থেকে কিছু লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, নৌচলাচল স্বাভাবিক রয়েছে। তবে ধর্মঘট আহ্বানকারী নৌযান শ্রমিক ফেডারেশনের দাবি, তাদের কর্মসূচিতে শ্রমিকরা সাড়া দিলেও কর্তৃপক্ষ পুলিশ পাহারায় কিছু লঞ্চ চালাতে বাধ্য করছে। ধর্মঘটীরা অভিযোগ করেছেন, সদরঘাটে সরকার সমর্থক নৌযান শ্রমিক লীগকর্মী এবং পুলিশ শনিবার সকালে তাদের ওপর হামলা চালিয়েছে। ঢাকা থেকে কিছু লঞ্চ ছাড়লেও দক্ষিণাঞ্চলসহ অন্য এলাকাগুলোতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন। নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে শুক্রবার মধ্যরাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। তবে তাদের দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, এ ধর্মঘট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার সকালে সদরঘাট থেকে মুন্সীগঞ্জের আমতলীর উদ্দেশে তানজিল, শরীয়তপুরের উদ্দেশে সুরেশ্বর-১ এবং চাঁদপুরের পথে সোনার তরী-১ লঞ্চ তিনটিকে ছেড়ে যেতে দেখা যায়। এছাড়া বিভিন্ন গন্তব্যে পলি, লামিয়া, বোগদাদিয়া, মিতালী, ময়ুর-১ লঞ্চগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যায় বলে জানিয়েছেন সদরঘাটে বিআইডব্লিউটিএ'র ট্রাফিক ইন্সপেক্টর মাহতাব উদ্দিন। তবে মেঘনারাণী, স্বর্ণদ্বীপ-১ ও স্বর্ণদ্বীপ-৮ লঞ্চগুলো ছাড়েনি। মাহতাব জানান, দক্ষিণাঞ্চল থেকে শুক্রবার ছেড়ে আসা লঞ্চ সদরঘাটে ভিড়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার জানামতে লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক। তবে কিছু কিছু লঞ্চ মাস্টারের বদলে সুকানী দিয়ে চালানো হচ্ছে।" বিকাল ৬টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সদরঘাট লঞ্চ টার্মিনালে সৈকত-৮ লঞ্চটিকে দেখতে পান। সাড়ে ৫টায় লঞ্চটি ছাড়ার কথা ছিল। নাম না জানানোর শর্তে ওই লঞ্চের এক কর্মচারী বলেন, লঞ্চে কোনো মাস্টার কিংবা চালক নেই। সুন্দরবন-৬ লঞ্চেও কোনো মাস্টার ও চালককে দেখা যায়নি। এ সময় টার্মিনালের বিভিন্ন স্থানে বিআইডব্লিউটিএ'র কিছু মাস্টার ও চালককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ'র পরিচালক (সিএন্ডপি) মো. এমদাদুল হক সাংবাদিকদের বলেন, "তাদের দিয়ে কিছু লঞ্চ চালানো হচ্ছে। আমাদের এখানে ১৯ জন মাস্টার, ১২ জন চালক ও ৪০ জন সুকানী রয়েছে।" এদিকে অভিযান-৩ এর মাস্টার ও শ্রমিক ফেডারেশন নেতা আজগর ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নৌ শ্রমিক লীগ এবং সরকার দলীয় ক্যাডারদের হুমকির ভয়ে আমরা টার্মিনালে ঢুকতে পারছি না।" তিনি দাবি করেন, সকালে বিভিন্ন জায়গা থেকে লঞ্চগুলো সদরঘাটে আসার পরই মাস্টার চালকদের একটি রুমে আটকে রাখা হয়। তাদের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। পরে সাংবদিকদের উপস্থিতি টের পেয়ে দুপুরে তাদের ছেড়ে দেয় বলে তিনি জানান। এর আগে বিকাল ৪টার দিকে সদরঘাটে বিআইডব্লিউটিএ'র ভিআইপি রেস্টরুমে নৌ সচিব আবদুল মান্নান হাওলাদার এক সংবাদ সম্মেলনে বলেন, "ধর্মঘট বলে কিছু নেই, ধর্মঘট হচ্ছে না।" তিনি বলেন, প্রতিদিনের মতো লঞ্চ স্বাভাবিকভাবে চলছে। বিভিন্ন দৈনিকে লঞ্চ ধর্মঘটের খবরে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সকাল সোয়া ৭টা থেকে লঞ্চ ছাড়া শুরু করেছে। ১৫টির মধ্যে ১৩টি লঞ্চ ইতোমধ্যে ছেড়ে গেছে। বর্তমান বেতন স্কেলে ন্যূনতম সর্বনিু পঞ্চাশ ভাগ থেকে সর্বোচ্চ একশো ভাগ বেতন বাড়ানো হয়েছে। সর্বনিু লস্করদের বেতন ১৩০০ টাকা ছিল। তা ১৯৫০ টাকা করা হয়। এদিকে ধর্মঘটের সমর্থনে সকালে রাজধানীতে মিছিল করে নৌযান শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সকালে সদরঘাটে মিছিল করলে শ্রমিক লীগ ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়।" এরপর গুলিস্তান এলাকায় মিছিল করে তারা। এ বিষয়ে শ্রমিক লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার সকালেও সদরঘাটে ধর্মঘট আহ্বানকারী ও বিরোধিতাকারী শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। শাহ আলম দাবি করেন, ধর্মঘট সফলভাবে পালিত হচ্ছে। তবে কর্তৃপক্ষ কিছু লঞ্চ ছাড়তে বাধ্য করছে। পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো চলাচল করছে। ঢাকা থেকে শুক্রবার ছেড়ে আসা দুটি লঞ্চ পটুয়াখালী পৌঁছেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ'র পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান। ঢাকা থেকে পাঁচটি লঞ্চ ছাড়ার কথা থাকলেও তিনটি ছাড়েনি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দর থেকে কোনো মালবাহী কার্গোজাহাজ ছাড়েনি। তবে যাত্রীবাহী লঞ্চগুলো চলছে। মেঘনা নদীতে আটকা পড়েছে প্রায় ৫শ মালবাহী কার্গোজাহাজ। নৌযান শ্রমিক ফেডারেশনের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শাখার কেন্দ্রীয় সমন্বয়ক বাহার মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাবি না মানা র্পর্যন্ত ধর্মঘট চলবে। নৌচলাচল বন্ধ থাকায় আর্থিক ক্ষতির কথা জানিয়ে বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু বলেন, ধর্মঘটের কারণে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের জরুরি কাচাঁমাল আটকা পড়েছে। বরিশালে সকাল থেকে অভ্যন্তরীণ রুটের কোনো লঞ্চ ছাড়েনি। তবে পুলিশ পাহারায় লঞ্চ চালানোর প্রস্তুতি চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানিয়েছেন। বাগেরহাটে কোনো মালবাহী নৌযান চলেনি। এর প্রভাব পড়ছে মঙলা বন্দরেও। নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার জানান, বাগেরহাট থেকে সকাল থেকে মালবাহী কোনো নৌযান ছেড়ে যায়নি। মঙলা বন্দরে দুটি জাহাজ ভিড়ে আছে। তবে নৌযান না চলায় সেগুলো থেকে পণ্য খালাস নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক (ট্রাফিক) কাজী আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। তবে ধর্মঘট স্থায়ী হলে সমস্যায় পড়তে হবে। বৃহস্পতিবার নৌ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে নৌযান শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়। নতুন কাঠামোয় মজুরি ৫০ থেকে ১০০ শতাংশ বাড়লেও ফেডারেশন কমপক্ষে ৩০০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/জেবি/ডিডি/এইচএ/২৩১২ ঘ.