২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী শনিবার পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 03:19 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী শনিবার পালিত হচ্ছে। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দিবসটি পালনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হবে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী প্রাঙ্গণে বিকাল সাড়ে ৪টায় শুরু হবে আলোচনা সভা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইরে কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসরসহ বিভিন্ন স্থানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহের কুঠিবাড়িতে শুরু হয়েছে দুদিনব্যাপী কর্মসূচি। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারী বাড়িতে চলছে তিন দিনব্যাপী স্মরণ মেলা। বাংলা সাহিত্যের প্রায় সব কটি শাখায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উজ্জ্বল উপস্থিতি। তিনি ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, নাট্যভিনেতা, সঙ্গীত রচয়িতা, সুরকার, গায়ক ও চিত্রশিল্পী। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান। সাহিত্যে নোবেল বিজয়ী তিনিই প্রথম এশীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৮৫৯ ঘ.