২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে স্কুল শিক্ষক খুন

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে টাঙ্গাইলে এক স্কুল শিক্ষক খুন হয়েছেন। হামলায় তার ছেলে ও মেয়ে আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 03:51 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

টাঙ্গাইল, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে টাঙ্গাইলে এক স্কুল শিক্ষক খুন হয়েছেন। হামলায় তার ছেলে ও মেয়ে আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল পৌর এলাকার কচুয়াডাঙ্গা গ্রামে শিক্ষক ইউসুফ আলীর (৫৭) বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। তিনি কাতুলী শরিফুন্নেছা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া মাজেদা বেগমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল থানার ওসি জসীম উদ্দিন সরকার। তিনি সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে সন্ত্রাসীরা ইউসুফ আলীর বাড়িতে হামলা চালায়। প্রতিবেশীরা তাদের চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। রাত ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইউসুফ, তার মেয়ে সাবিনা ইয়াসমিন (২০) ও ছেলে শরীফুদ্দিনকে (১৫) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ইউসুফের মৃত্যু হয়েছে। ওসি জানান, প্রাথমিক তদন্তে সাবিনা ইয়াসমিনের সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের ঘটনায় এই হামলা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। সাবিনা টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোট ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৪১ ঘ.