বগুড়া, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় শুক্রবার থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বগুড়া মটর মালিক গ্র"প ও মটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট আহবান করেছিলো।
সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে বগুড়া এবং সিরাজগঞ্জের মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে নওগাঁ-ময়মনসিংহ রুটে চলাচলকারী ১৩টি বাস এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিন্ধান্তের পর ধর্মঘট স্থগিত করা হয়।
নওগাঁ-ময়মনসিংহ রুটে বগুড়ার ১২টি এবং সিরাজগঞ্জের একটি বাস চলাচল করে। গত সোমবার সিরাজগঞ্জের চাঁন্দাইকোনা এলাকায় সিরাজগঞ্জের মালিক ও শ্রমিকরা বগুড়ার মালিকদের বাস-মিনিবাস চলাচলে বাধা দেয়। ওইদিনই বগুড়া মটর মালিক গ্র"প ও মটর শ্রমিক ইউনিয়ন শুক্রবার থেকে বগুড়া থেকে উত্তরাঞ্চলের সবকটি রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করে।
উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে দুই জেলার শ্রমিক ও পরিবহন মালিকদের নিয়ে সমঝোতা বৈঠক হয়।
বৈঠকে সিরাজগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার দেলোয়ার হোসেন, মটর মালিক গ্র"পের সভাপতি জিন্নাহ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বগুড়া মটর মালিক গ্র"পের সভাপতি আক্তারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়সহ দুই জেলার শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সাগর কুমার রায় সাংবাদিকদের জানান, বৈঠকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত নওগাঁ-ময়মনসিংহ রুটে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার সব গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এ সময় অন্যান্য রুটের গাড়ি স্বাভাবিকভাবেই চলবে। সমস্যা নিরসনে বৃহস্পতিবার দুই জেলার মালিক ও শ্রমিক সংগঠনের ১২ জন আবার বৈঠকে বসবেন। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০০০ ঘ.
bdnews24