ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌশ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তা না মেনে শ্রমিকদের একাংশ শুক্রবার রাত থেকে ধর্মঘট ডেকেছে।
বৃহস্পতিবার রাত ১১টার পর সংসদ ভবনে তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন মন্ত্রী।
এর আগে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাসায় মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে মজুরি কাঠামো চূড়ান্ত হয়।
বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে জাহাজী শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক ইউনিয়ন, লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়ন অংশ নিলেও নৌযান শ্রমিক ফেডারেশন ছিলো না।
ঘোষিত নতুন মজুরি কাঠামো নৌযান শ্রমিক ফেডারেশন মেনে নেয়নি। তাদের দাবি মজুরি ৩০০-৩৫০ শতাংশ বাড়াতে হবে।
নতুন মজুরি কাঠামোর দাবিতে নৌ শ্রমিকরা নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে কয়েক মাস ধরে আন্দোলন-ধর্মঘট চালিয়ে আসছিলো। গত ১৫ মার্চ তারা ধর্মঘটও শুরু করে। গত ১৮ মার্চ শ্রমমন্ত্রীর বাড়িতে মালিক-শ্রমিক-সরকার ত্রিপক্ষীয় বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেওয়া হয়।
বৃহস্পতিবার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে নৌমন্ত্রী বলেন, "নতুন কাঠামোয় শ্রমিকদের মজুরি ৫০-১০০ শতাংশ বাড়ানো হয়েছে।"
নতুন মজুরি ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর বিবেচিত হবে বলে জানান নৌমন্ত্রী। এই সময়ের বেতন মালিক পক্ষ দেবে বলে জানান তিনি।
এরপরও যারা আন্দোলন করবে শ্রমিকরাই তাদের বিচার করবে বলে মন্তব্য করেন শাজাহান খান।
এর আগে বৃহস্পতিবার দিনের বেলা শ্রম পরিদপ্তরে দিনব্যাপি বৈঠকে কোনো ফল আসেনি।
সেই বৈঠকে পুরোপুরি অংশ নেয়নি নৌযান শ্রমিক ফেডারেশন। বৈঠক শুরুর কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসে।
ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুল মালেক তখন বলেন, "কাল (শুক্রবার) পর্যন্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে। না হলে শুক্রবার রাত ১২টা এক মিনিট থেকে ধর্মঘটে যাবে নৌযান শ্রমিক ফেডারেশন।"
শ্রম পরিদপ্তরে দুপুরে শুরু হয়ে দিনব্যাপি চলা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বৃহস্পতিবার রাতেই শ্রমমন্ত্রীর বাসায় বৈঠক আহ্বান করা হয় বলে বিডিনিউজকে জানিয়েছিলেন শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল ইসলাম মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২৩৫১ ঘ.
bdnews24