বরগুনা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার আমতলী উপজেলার একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খরব পেয়ে পুলিশ ওই বাড়িতে আরো চারটি হাতে তৈরি তাজা বোমা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছুরিকাটা গ্রামের আবদুল জলিল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। বোমা রাখার অভিযোগে জলিল মোল্লা ও তার শাশুড়ি সেলিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় জানায়, জলিল মোল্লা উপজেলা বিএনপির সভাপতি জালাল ফকিরের ভাগ্নি জামাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দুপুর ২টায় বরগুনা সার্কিট হাউস মাঠে জেলার বেকারদের জন্য কর্মসংস্থান প্রকল্প ন্যাশনাল সার্ভিস উদ্বোধন করবেন।
আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জলিল সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে জলিল মোল্লার বাড়ির উঠানে একটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাড়ি তল্লাশি করে আরো চারটি বোমা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এসআই জলিল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১২৫১ ঘ.
bdnews24