রাজশাহী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মহাসমাবেশে যাওয়ার পথে ছাত্রলীগ সমর্থকদের হামলার প্রতিবাদে বিএনপি রোববার বগুড়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে।
বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই হামলায় নিহত জাকির হোসেনের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।
চারদিনের এই কর্মসূচির মধ্যে অন্যগুলো হচ্ছে- বৃহস্পতিবার গায়েবানা জানাজা, শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিল ও পরদিন বিক্ষোভ সমাবেশ।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বৃহস্পতিবার বিকালে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে জাকির হোসেনের জানাজা, পরদিন দেশব্যাপী দোয়া মাহফিল ও শনিবার সারাদেশে বিক্ষোভ এবং রোববার বগুড়া জেলায় অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনের জন্য দলীয় নেতা-কর্মীদের আহবান জানানো হয়েছে।''
তিনি জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বগুড়ার শেরপুর উপজেলার গড়ীদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন রাজশাহী মহাসমাবেশে যাওয়ার পথে নাটোরের সিংড়ায় ছাত্রলীগের হামলায় নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০০০০ ঘ.
bdnews24