২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা

লালমনিরহাটে মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট শেষ হওয়ার একদিন পর এবার ধর্মঘট ডেকেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2010, 03:21 PM

Updated : 24 Aug 2022, 09:09 PM

লালমনিরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটে মালিকদের ডাকা পরিবহন ধর্মঘট শেষ হওয়ার একদিন পর এবার ধর্মঘট ডেকেছে শ্রমিকরা। চাঁদাবাজি, হয়রানি, মালিকদের করা মামলা প্রত্যাহারসহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার এই ধর্মঘট ডেকেছে জেলা বাস, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক পুলিন চন্দ্র বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস, ট্রাকসহ মটরযান চলাচল বন্ধ থাকবে। তবে বিআরটিসির বাসসহ সরকারি গাড়ি ধর্মঘটের বাইরে থাকবে। বুধবার সন্ধ্যায় শহরের মিশন মোড়ে শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভায় এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় জেলা শ্রমিকলীগের আহবায়ক নজরুল ইসলাম তপন শ্রমিক হয়রানি, শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান। চাঁদাবাজি, হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে মটর, ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতি সোমবার ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকে। জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৩৪ ঘণ্টার পর মঙ্গলবার দুপুরে তারা ধর্মঘট প্রত্যাহার করে। দুপুরে জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রশাসনের প্রতি তাদের সাত দফা দাবি পূরণের আহ্বায়ন জানান সমিতির নেতারা। অন্যথায় ১২ মে থেকে অনির্দিষ্টকাল ধর্মঘট করার ঘোষণা দিয়েছে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, জেলা মটর মালিক সমিতির যুগ্ন সম্পাদক মো. মতিয়ার রহমান। এতে আরো উপস্থিত ছিলেন- সমিতির নেতা মোকলেছুর রহমান খোকা, সাইফুল ইসলাম, আশরাফ আলী লাল, অনুপ কুমার বাপ্পী প্রমুখ। লালমনিরহাটের জেলা প্রশাসক আলাউদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক-শ্রমিকদের মধ্যে সৃষ্ট জটিলতা নিরসনে তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.