সিলেট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার দায়ে সিলেটে এক পুলিশ কর্মকর্তার চার বছরের কারাদণ্ড হয়েছে।
বুধবার সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ গোলাম হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক মো. হারুন-অর-রশিদ চৌধুরী জকিগঞ্জ থানায় কর্মরত ছিলেন। বর্তমান তিনি কারাগারে রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, জকিগঞ্জ থানায় কর্মরত থাকাকালে হারুন জকিগঞ্জের বালিগ্রামের আবদুল হাশেমের একটি মামলার তদন্ত করার সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেন। পরবর্তীতে ভয় দেখিয়ে আরো কয়েক দফায় টাকা নেন।
এ অবস্থায় হাশেম দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি জানান। দুদকের পূর্ব পরিকল্পনা মতে ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর রাতে জকিগঞ্জের একটি রেস্তরাঁয় হাশেমের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আহসান আলী ২০০৯ সালের ১২ জানুয়ারি হারুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৪ ঘ.
bdnews24