ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বুধবার দুপুরে ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন বাবরের জামিন আবেদন শুনানি শেষে নাকচ করেন।
গ্রেনেড হামলার মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানো হয় গত বছরের ২৬ অক্টোবর।
মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত নষ্ট এবং গ্রেনেড সরবরাহে সম্পৃক্ততার বিষয়ে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
বুধবার বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ। রাষ্ট্রপক্ষে আবেদনের বিরোধিতা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি এ জামিন নাকচের আদেশের বিরুদ্ধে জজ আদালতে যাবেন।"
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
ওই হামলায় আহত হন অনেকে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কানের শ্রবণশক্তিও নষ্ট হয়।
এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। পরে হত্যা, হত্যাচেষ্টা এবং বিষ্ফোরক দ্রব্য আইনে মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুইটি অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্র দাখিলের পর দুই মামলা হিসাবে বিচার শুরু হয়। পরে দুই মামলায়ই অধিকতর তদন্তের আবেদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/পিবি/পিডি/১৮০০ ঘ.
bdnews24