ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কূটনীতিদের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণকে 'অর্থহীন' বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ ভবনে মঙ্গলবার কমিটির সভায় একথা বলেন কমিটির সভাপতি এ এইচ মাহমুদ আলী।
সংসদ ভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহমুদ আলী বলেন, "বিদেশে বাংলাদেশের কূটনীতিকদের জন্য লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়াটা রপ্তানি বৃদ্ধির সঠিক প্রক্রিয়া নয়। এটা কোন অর্থ বহন করে না।''
বাংলাদেশ মিশনের জন্য বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রক্রিয়াটি প্রায় এক যুগ আগে চালু করে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের রপ্তানি ব্যুরো প্রতি মাসে বিভিন্ন দেশে কূটনীতিকদের জন্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।
সভায় জানানো হয়, আগামী বৈঠকে কূটনীতিকদের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে পরবর্তী বৈঠকের তারিখ জানানো হয়নি।
লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের ২৪টি মিশনের ব্যর্থতা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে তিনি এ বিষয়টি বৈঠকে তুলে ধরেন বলে জানান মাহমুদ আলী।
লক্ষ্যামাত্রা নির্ধারণকারী মন্ত্রণালয়ের নাম উল্লেখ না করে তিনি বলেন, "গণমাধ্যমগুলো লক্ষ্যমাত্রা পূরণে কূটনীতিকদের ব্যর্থতার চিত্র তুলে ধরলে বিভিন্ন দেশে তাদের মর্যাদার কী অবস্থা দাঁড়াবে?''।
বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সংসদীয় কমিটি একটি পরিকল্পনাপত্র তৈরির জন্য বলেছে বলেও জানান তিনি।
মাহমুদ আলী জানান, সংসদ সদস্যদের কাছে পরিকল্পনা তুলে ধরার জন্য এখন থেকে কূটনীতিকদের সংসদীয় স্থায়ী কমিটিতে আহ্বান জানানো হবে।
এরই অংশ হিসেবে রাশিয়া এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের দায়িত্ব বুঝে নেওয়ার আগে আলোচনায় ডাকা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/পিডি/২১০৯ ঘ
bdnews24