ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে সম্প্রচার বিষয়ক মামলা ঝুলিয়ে রাখার অভিযোগ এনেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধান সুপন রায়।
মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে চ্যানেলটির কর্মীরা বুধবার মানববন্ধন করবে বলে জানানো সংবাদ সম্মেলনে।
২০০৯ সালের ১৫ অক্টোবর পরীক্ষামূলক সম্প্রচার শুরুর ৩৫ দিন পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তা বন্ধ করে দেয় বলে জানান সুপন।
তিনি জানান, তথ্য মন্ত্রণালয়ে নতুন সনদের আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় সম্প্রচার কার্যক্রম চালানোর অভিযোগে তা বন্ধ করে বিটিআরসি।
তবে চ্যানেল কর্তৃপক্ষ এমন কোন আবেদন করেনি বলে দাবি করেন সুপন।
প্রায় সাত মাস ধরে নানাভাবে সরকার সম্প্রচার বিষয়ক মামলাটি ঝুলিয়ে রেখেছে বলে দাবি করে লিখিত বক্তব্যে বলা হয়, মামলা নিষ্পত্তি দেরি করতে অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের কাছ থেকে বারবার সময় নিচ্ছেন।
লিখিত বক্তব্যে সুপন বলেন, "শুনানির মাঝে অ্যাটর্নি জেনারেল এমনভাবে বিরতির আবেদন করেন যাতে মামলার কাজ সাপ্তাহিক ছুটি থেকে আদালতের বড় বড় ছুটির ফাঁদেও পড়ে যায়।"
সঙ্কটের আইনি সমাধানের আশায় বন্ধ চ্যানেলেও সবাই কাজ করছে বলে জানান সুপন। তবে হতাশা ও অনিশ্চয়তার কারণে এখন তারা ঠিকমতো কাজ করতে না পেরে বুধবার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে যমুনা টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধান নাজমুল আশরাফ, প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ, সম্প্রচার পরিচালক বেলাল আমান, মার্কেটিং বিভাগের প্রধান বেনু শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২০৩৯ ঘ.
bdnews24