২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পরিবহন ধর্মঘট শুরু

নেতাদের লাঞ্ছিত করার অভিযোগে সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে লালমনিরহাট পরিবহন মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 05:57 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

লালমনিরহাট, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতাদের লাঞ্ছিত করার অভিযোগে সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছে লালমনিরহাট পরিবহন মালিক সমিতি। সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। মালিকদের অভিযোগ, গত ২৮ এপ্রিল সদর উপজেলার মোস্তফীরহাটে ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতাদের চাঁদাবাজিতে বাধা দিলে মালিক সমিতি নেতাদের লাঞ্ছিত করে শ্রমিকরা। হামলাকারী শ্রমিকদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে ২৯ এপ্রিল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে মালিক সমিতি। জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলী লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকে চাঁদাবাজির খবর পেয়ে সভাপতি আব্দুল হাকিমসহ তিনি মোস্তফীরহাটে যান। সেখানে শ্রমিক নেতা পুলিন বর্মনের নেতৃত্বে শ্রমিকরা চাঁদাবাজি করছিল। এতে বাধা দিলে শ্রমিকরা তাদের লাঞ্ছিত করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি। সদর থানার উপ-পরিদর্শক কিরন চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ মোস্তফীরহাট থেকে মালিক সমিতির নেতাদের নিয়ে আসে। জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ফকির বলেন, এর আগেও শ্রমিকদের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ তুলেছিল মালিক সমিতি। এ ব্যাপারে রোববার একটি বৈঠক হওয়ার কথা থাকলেও মালিক সমিতির নেতারা না আসায় বৈঠক হয়নি। এদিকে ধর্মঘটের প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় মিশন মোড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের আহবায়ক পুলিন চন্দ্র বর্মন তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, চাঁদাবাজি করতে নয় শাখা অফিসের শ্রমিকদের পরিচয়পত্র যাচাই করতে তিনি মোস্তফীরহাটে গিয়েছিলেন। ওই সময় মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজন তাকে মারধর করেন। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে মালিকদের অবরুদ্ধ করে রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/এইচএ/২৩৩০ ঘ.