২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ

প্রশাসনের দুই যুগ্ম-সচিব ও তিন উপসচিব পর্যায়ের বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 01:32 PM

Updated : 24 Aug 2022, 09:06 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই যুগ্ম-সচিব ও তিন উপসচিব পর্যায়ের বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপ-মহাপরিচালকসহ (অনুষ্ঠান) দুটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল ও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক কমলেশ কুমার দাসকে একই কর্তৃপক্ষের সদস্য এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য আমির হোসেনকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। উপসচিবদের মধ্যে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণব কুমার ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) সচিব মো. হেলাল উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অতিরিক্ত পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত উপসচিব রাশিদুল ইসলাম জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর পদে নিয়োগ পেয়েছেন । সাবেক উপসচিব আতাউর রহমানকে ঢাকা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আরইও) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তার এক বছর মেয়াদের এই চুক্তিভিত্তিক নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। অন্যদিকে বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) কামরুন নেছাকে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। এ পদে চুক্তিভিত্তিক নিয়োজিত খ.ম. হারুন আল রশীদের চুক্তি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এমকে/এইচএ/১৯২২ ঘ.